সব সংবাদ
অন্যান্য

২০২৪ সালের গণহত্যা: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ১৩ জনের মৃত্যুদণ্ড, ৫৯ আসামির সাজা

জুলাই ২০২৪-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি মামলায় ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং অন্যদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছরের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার চূড়ান্ত রায় হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারকার্যক্রম চলছে। চূড়ান্ত রায় প্রদত্ত ৭টি মামলায় ৫৯ জন আসামিকে দণ্ডিত করা হয়েছে, যার মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তাধীন রয়েছে। মোট আসামির সংখ্যা ৪৬৩ জন, যার মধ্যে ১৭৪ জন গ্রেফতার, ২৮৮ জন পলাতক, একজন মৃত্যুবরণ করেছে এবং একজন খালাস পেয়েছেন। এছাড়া, সারা দেশে ২ হাজার ৬২০টি বিচারকের পদের বিপরীতে ১ হাজার ৯৬৪ জন কর্মরত আছেন এবং শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।