বজ্রপাতে নেত্রকোনায় গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বড়গাঁও গ্রামে বাড়ির পেছন থেকে গরু নিয়ে ফিরছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত তার উপর আঘাত হলে তিনি অচেতন হয়ে পড়েন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাড়ির পেছন থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে হঠাৎ বজ্রপাত তার উপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আমীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, বড়গাঁও গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।