ব্রাজিল ফ্যানের ছবিতে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুর বিরুদ্ধে আইনি নোটিশ
নড়াইলে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বন্ধু সোহাগ ফারাজিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা মির্জা গালিব সতেজ একজন ব্রাজিল ফুটবল দলের সমর্থক। তার বন্ধু সোহাগ ফারাজি (আদমপুর গ্রাম) মির্জা গালিব সতেজের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মির্জা গালিব সতেজের আরেক বন্ধু শাহাদাত জালাল পিয়াস আইনি নোটিশ পাঠিয়েছেন সোহাগ ফারাজির বিরুদ্ধে। নড়াইল জজ কোর্টের আইনজীবী ফেরদৌস ইসলাম তনুর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, এই কাজে ভুক্তভোগীদের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছবি মুছে ফেলতে এবং ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও সোহাগ ফারাজি ফোন রিসিভ করেননি।