সব সংবাদ
অন্যান্য

মসজিদে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে একটি পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা তাকে মসজিদের ভেতরে উলঙ্গ অবস্থায় দেখতে পান।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি শোকাবহ ঘটনা ঘটেছে। সেখানে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ইমাম শাহিনুর ইসলামের কাছে শিশুটি আরবি পড়তে যেত। শনিবার বিকালে শিশুটি আরবি পড়তে গেলে নির্দিষ্ট সময়ে সে বাড়ি ফেরেনি। দেরি হওয়ায় শিশুটির মা খোঁজ নিতে গিয়ে মসজিদের ভেতরে তার মেয়ে ও ইমামকে উলঙ্গ অবস্থায় দেখতে পান।

এ দৃশ্য দেখে শিশুটির মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ইমামকে আটক করেন। তারা ইমামকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে উত্তেজিত জনতা ইমামকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, এ দুশ্চরিত্র ইমাম আমার মেয়ের সঙ্গে আরও অনেকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ইমাম মেয়েকে ভয় দেখিয়ে এ ঘটনা ধামাচাপা দিয়ে রেখেছিল।

অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব।

ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠান।

শিশুটির মা বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।