উখিয়ায় নিখোঁজ শিশু নুসাইবা: ৩ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি, মা-বাবা উন্মাদ প্রায়
কক্সবাজারের উখিয়ায় আড়াই বছরের শিশু ইশরাত জাহান নুসাইবা গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। পরিবার থানায় জিডি করলেও পুলিশের তৎপরতায় অসন্তুষ্ট এলাকাবাসী।
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় শাহাজাহান সওদাগর ও মালেকা বেগম দম্পতির আদরের মেয়ে ইশরাত জাহান নুসাইবা। মাত্র আড়াই বছরের এই শিশুটি গত শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তিন দিন পার হয়ে গেলেও শিশুটির কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ শিশুর মা-বাবা পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজে ফের করছেন। এলাকার ঝোঁপঝাড়, পুকুরপাড়সহ সম্ভাব্য সব জায়গায় তন্নতন্ন করে খোঁজা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং র্যাব-১৫ এর সাহায্য চাওয়া হয়েছে। তবে পুলিশের তৎপরতা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানিয়েছেন, তারা খোঁজ নিচ্ছেন এবং উদ্ধার অভিযান চালাচ্ছেন। কিন্তু ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ইতিবাচক ফলাফল না পাওয়ায় মা-বাবা ও এলাকাবাসী চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।