সব সংবাদ
জাতীয়

জয়পুরহাটের কালাইয়ে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, রাতের আঁধারে কাজের অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করে রাতের অন্ধকারে কার্পেটিং কাজ করছে বলে অভিযোগ। এলাকাবাসী বাঁধা দিলে তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগও রয়েছে।

জয়পুরহাটের কালাইয়ে উপজেলার পুনট-মোসলেমগঞ্জ থেকে শান্তিনগর বাজার পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের তৃতীয় জুন এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়। আট কোটি পয়ত্রিশ লক্ষ একশো চুরানব্বই টাকা ব্যয়ে এই কাজ পায় নওগাঁর ইথেন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি গত বছরের দ্বিতীয় ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রকল্পটি অনেক দেরিতে শুরু করেন। বর্তমানে আগামী ত্রিশ জুনের মধ্যে কাজ শেষ করার তাড়াহুড়োয় লিপ্ত হয়েছেন।n nস্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের ইট ও উপকরণ ব্যবহার করছেন। রাস্তাটি পূর্বে পাঁচ মিটার চওড়া থাকলেও বর্তমানে আট দশমিক সাত মিটার করা হচ্ছে। খোয়া ও বালি দেওয়ার কথা থাকলেও পুরোনো রাস্তার পরিত্যাক্ত পাথর, ইট ভাঙার গুড়া ও মাটি ব্যবহার করা হচ্ছে। এর উপর যৎসামান্য বিটুমিন ছিটিয়ে রাতের আঁধারে কার্পেটিং এর কাজ করা হচ্ছে।n nগত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে পাথর-পিচ বিছানোর দৃশ্য দেখতে পায় স্থানীয়রা। এসময় তদারকিতে থাকা কোনো প্রকৌশলী উপস্থিত ছিলেন না। এলাকাবাসী বাঁধা দিলে ঠিকাদারের লোকজন তাদের ওপর চড়াও হয় এবং হুমকি দেয়।n nঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নুর আলম দাবি করেছেন, কৃষি এলাকা হওয়ায় ইরি-বোরো মৌসুমে কৃষকদের কাজে বাঁধা না দিতে রাতে কাজ করা হচ্ছে এবং কোনো অনিয়ম করা হয়নি।n nউপ-সহকারি প্রকৌশলী আবু জাফর বলেছেন, রাতে কাজ করার কোনো সুযোগ নেই। শুনেছি তারা রাতে কাজ করেছে, পুনরায় ওঠানো হবে। উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ জানিয়েছেন, কাজ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।