আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে থাকবে এবং ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সেদিন মাঠে থাকবে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য। রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে জোরদার করা হবে তল্লাশি কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি (গোয়েন্দা শাখা) ও সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সম্ভাব্য নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) গোয়েন্দা নজরদারি চালাবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। পাশাপাশি চারটি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত পুলিশ সদস্য রিজার্ভ রাখা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েন করা যায়।
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
এদিকে চলতি জুন মাসের ১ থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানের তথ্যও প্রকাশ করেছে ডিএমপি। সংস্থাটির তথ্যমতে, এ সময়ে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরির ঘটনায় ১২১ জন, দস্যুতার ঘটনায় ১১৩ জন এবং ডাকাতি সংক্রান্ত অভিযোগে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিএমপির বিভিন্ন থানা, গোয়েন্দা বিভাগ ও সিটিটিসির অভিযানে জুন মাসে এখন পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।