বজ্রপাতে মাদরাসার তিন শিক্ষার্থী নিহত, একজন আহত
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাশিক্ষার্থী মারা গেছে। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পাঁচকান্দি এলাকায় রোববার (২১ জুন) সন্ধ্যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় চারজন মাদরাসাশিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে আহত অবস্থায় সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম, আবু রায়হান এবং আবু জাফর। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছিল। নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির এবং মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।