মাতারবাড়ীতে ভাঙা বেড়িবাঁধ সংস্কার শুরু, বর্ষায় প্লাবন আশঙ্কা কমবে
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমাঞ্চলে ভাঙা ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে। জিও ব্যাগ দিয়ে এই মেরামতের কাজ চলমান থাকবে বলে জানা গেছে।
বর্ষা মৌসুমে জোয়ারের পানি ও সম্ভাব্য দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমাঞ্চলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাতারবাড়ীর পশ্চিমের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের অনেক অংশ দীর্ঘদিন ধরে ভাঙন ও ক্ষয়ের শিকার হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে এসব অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল। এতে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কৃষিজমি, মাছের ঘের ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদী সংস্কার কাজ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, মাতারবাড়ীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেড়িবাঁধ রক্ষার কোনো বিকল্প নেই। স্থানীয় বাসিন্দারা মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, চলমান কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।