ঢাকায় জুন মাসের বিশেষ অভিযানে ১৫৩৭ জন গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চলতি জুন মাসে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আটক করা হয়েছে।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গত ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকার বাইরে থাকা চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২০ দিনে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানানো হয়েছে, রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।