সব সংবাদ
জাতীয়

রায়গঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন মালতিনগর এলাকায় এক যুবক ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গেলে জনতার সহযোগিতায় আটক হয়েছে। ওই যুবক জিন্নাত আলী আকন্দের বাড়িতে গিয়ে তার নামে মামলা আছে বলে ১ লাখ টাকা দাবি করে।

২১ জুন ২০২৬ রবিবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার মালতিনগর ফকিরপাড়া এলাকার জিন্নাত আলী আকন্দের বাড়িতে এক যুবক এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। ওই যুবক জিন্নাত আলীর নামে একটি মামলা আছে জানিয়ে সমাধানের জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বাড়ির লোকজনের সন্দেহ হলে তার কাছ থেকে পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি। এরপর জনতার সহযোগিতায় তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভ্যানচালকের জবানবন্দিতে চাঁদাবাজির ঘটনার সত্যতা পায়। আটককৃত যুবকের নাম রাসেল। সে সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি বট তলা গ্রামের মোঃ মছের আলীর ছেলে। রাসেল পুলিশকে জানায়, সাতটিকরি গ্রামের মেহেদী তাকে ৫০০ টাকা দিয়ে জিন্নাত আলীর বাড়িতে ডিবি পরিচয় দিয়ে হুমকি দেওয়ার জন্য পাঠায়। পুলিশ আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।