সব সংবাদ
ফেনী

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে পোনা, খাদ্য ও সবজি চারা বিতরণ

কোম্পানীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭ জন মৎস্য চাষীর মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ করা হয়েছে। এই সহায়তা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কোম্পানীগঞ্জে গত রবিবার সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি বিশেষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ৫ জন এবং রাজস্ব খাতের আওতায় ২ জনসহ মোট ৭ জন মৎস্য চাষীর মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে মিশ্র মাছ চাষের জন্য মনোসেক্স তেলাপিয়া ও দেশি মাগুর মাছের পোনা, মৎস্য খাদ্য এবং সমন্বিত কৃষি কার্যক্রমের অংশ হিসেবে পেপে, মরিচ, বেগুন ও পেয়ারার চারা। এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং সুবিধাভোগী মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের মাছ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং প্রান্তিক চাষীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।