সব সংবাদ
জাতীয়

চট্টগ্রামের শিল্পাঞ্চলে আতঙ্ক! কারখানার সামনে পিস্তল উঁচিয়ে গুলি

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এক যুবকের গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কোনো অভিযোগ জমা পড়েনি।

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচ যুবক জড়ো হন। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক কারখানাটির সামনে থেকে সড়কের দিকে হেঁটে যাচ্ছিল। একপর্যায়ে সে পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়ে। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় আবারও গুলি করে। এ সময় অনেক পথচারী যাতায়াত করছিলেন। স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় একটি গ্রুপ আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। তাদের ধারণা, গুলির ঘটনাটি এসব হুমকি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের সঙ্গে জড়িত। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বিসিক এলাকায় গুলির ঘটনায় তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।