সব সংবাদ
স্বাস্থ্য

চমেক হাসপাতালে লাশ পরিবহণে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মৃতদেহ পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির অভিযোগে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে গত ৭ জুন একটি মানববন্ধনে এই সিন্ডিকেটের সদস্যদের হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় মৃত ব্যক্তির লাশ পরিবহণ নিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এই সিন্ডিকেট রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং বৈধ গাড়ি হাসপাতালে প্রবেশে বাধা দেয়। এমনকি প্রতিবাদ করলে চালকদের প্রাণনাশের হুমকি ও মারধরের ঘটনাও ঘটেছে।

এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। গত ৭ জুন তারা হাসপাতালের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। কিন্তু সেই মানববন্ধনে হামলা চালায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা, যার ফলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এই ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার জনস্বার্থে এবং হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা ও চিকিৎসাসেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে একটি অফিস আদেশ জারি করেন। আদেশে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (উত্তর) সরজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্ত শেষে উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন ও সহকারী পুলিশ কমিশনার সোহেল পারভেজ অভিযোগের সত্যতা পান। এরপর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) নির্দেশে রোববার পাঁচলাইশ মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং তদন্তে তাদের নাম পরে বের হয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে।