প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার পর হত্যা: বৃদ্ধ আসামি গ্রেফতার
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরদিন ওই নারী মারা যাওয়ার পর হত্যার অভিযোগও যুক্ত হয় মামলায়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, গত ৫ জুন উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম ফুলহাতা গ্রামের প্রতিবন্ধী নারীটি প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের বাড়িতে পানি আনতে গিয়েছিলেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন ৭০ বছরের এই বৃদ্ধ। এরপর থেকেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ওয়ার্ড মেম্বার কিছু টাকা জমা করেন চিকিৎসার জন্য। ওই টাকা হাতে পেয়ে ওই নারীকে নিয়ে ২১ জুন বাগেরহাটে চিকিৎসার জন্য যাবার কথা ছিল তার বাবার। কিন্তু শনিবার রাত ৮টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের প্রতিবন্ধী নারী শারীরিক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতেই মারা যান। এ ঘটনায় ওই রাতেই নারীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মধ্যরাতে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নিয়ে গ্রেফতার দেখায়। পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আরও জানান, প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।