সব সংবাদ
অন্যান্য

সাবেক আইজিপি বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, ২৩ জুন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে এবং সারাদেশে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করা হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে। গত ১২ জুন ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশকে জানায় যে তারা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বলেছে। মন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আসলে একটি 'মাফিয়া পার্টি', এটি কোনো রাজনৈতিক দল নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে ২৩ জুন তারা দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এজন্য সারাদেশে অ্যালার্ট জারি করা হয়েছে এবং পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। মন্ত্রণালয় 'পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড' নীতি কার্যকর করেছে, যেখানে কর্তব্যকাজে আন্তরিকতা প্রদর্শনকারীদের পুরস্কৃত করা হচ্ছে এবং দুর্নীতিতে লিপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরস্কৃত চারটি ঘটনার মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশের জনভোগান্তি লাঘবে দৃষ্টান্তমূলক উদ্যোগ, আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার, আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চকরিয়ায় ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার।