পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি শ্রমিককে নির্যাতনে মৃত্যুর অভিযোগ
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতা ইউসুফ আলীর বিরুদ্ধে এক কৃষি শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। নিহত জামিল হোসেন (৫০) নামে ওই কৃষকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা পলাতক রয়েছেন।
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার নির্যাতনে এক কৃষি শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত জামিল হোসেন (৫০) রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের আবু মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন এবং মৌসুমে ধান কাটার কাজ করতেন। গত ২০ জুন শনিবার সন্ধ্যায় ভাঙ্গুড়ার কৈডাঙ্গা গ্রামে তার মৃত্যু হয়। নিহতের জামাতা আব্দুল কাদের অভিযোগ করেন, ওই দিন বিকালে বিএনপি নেতা ইউসুফ আলী তার শ্বশুরকে ধান মাড়াইয়ের কাজ করতে চাপ দেন। কাজে কিছুটা দেরি হবে জানালে ক্ষিপ্ত হয়ে ইউসুফ আলী মেশিনের চাবি কেড়ে নেন। পরে চাবি ফেরত চাইলে তাকে বেদম মারধর করেন এবং জোরপূর্বক তিন বিঘা জমির ধান মাড়াই করান। এতে আহত অবস্থায় কাজ শেষে বাসায় ফিরলে জামিল হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। উল্লেখ্য, নিহত আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ইউসুফ আলী চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে এবং সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।