সব সংবাদ
জাতীয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধ জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় শুধু নিষেধাজ্ঞামূলক প্রচারণা নয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। ২১ জুন আউস্টে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

২১ জুন ২০২৬ তারিখে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় "তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণভিত্তিক উদ্যোগ" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজন। তিনি আরও বলেন, দেশ থেকে মাদকমুক্ত করতে সবাইকে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা, দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং দারিদ্র্য দূরীকরণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড ও আচরণ পরিবর্তনের বিজ্ঞানভিত্তিক মডেলের আলোকে কর্মক্ষেত্র ও বিদ্যালয়ভিত্তিক প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মাদকাস্ত তরুণদের শাস্তির পরিবর্তে পুনরুদ্ধারভিত্তিক পুনর্বাসন প্রয়োজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; বৈজ্ঞানিক গবেষণার ওপর জোর দিতে হবে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বিত অংশগ্রহণ তরুণদের সুরক্ষা দিতে পারে। আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামাল তরুণদের মানসিক স্বাস্থ্য গঠনে প্রতিকূল শৈশব অভিজ্ঞতা চিহ্নিত করার ওপর গুরুত্ব তুলে ধরেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান বলেন, মাদক সমস্যা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। আউস্ট-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল হক মাদকমুক্ত ক্যাম্পাস ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।