সব সংবাদ
জাতীয়

কলাপাড়ায় চাঁদা দাবিতে নারীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে বাধা দেওয়ার জেরে এক নারীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আসামিরা ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিল।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামে চাঁদার দাবিতে এক মধ্যবয়সী নারী শিল্পী বেগম (৪৫)-কে মারধর ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিল্পী বেগম উত্তর নিশানবাড়িয়া আবাসনে একটি ঘর বরাদ্দ পেয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন। ওই এলাকা ভূমি অধিগ্রহণের আওতায় পড়লে তিনি ২০ শতাংশ ক্ষতিপূরণের যোগ্য হন। এল.এ শাখার চিহ্নিত দালাল আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮) ও তামিম (২২) টাকা উত্তোলনের জন্য ক্ষমতা (পাওয়ার) চায়। শিল্পী বেগম তাদের প্রস্তাব নাকচ করে দিলে তারা ক্ষিপ্ত হয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে সাত দিনের আল্টিমেটাম দেয়। ২ জুন বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে শিল্পী বেগমের বাড়িতে এসে পুনরায় চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত ও জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।