মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে পৌঁছেছেন। কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী তাঁকে স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। এই সফরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে এসেছেন। স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টায় কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিশেষ ফ্লাইট। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী হানানি হারুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময়ে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে সরকারপ্রধানকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালা লামপুরের সাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ২৩ জন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে এই সফরের আমন্ত্রণ জানান। সোমবার সকালে আনোয়ার ইব্রাহিম পুত্রাজায়ায় তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেবেন। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং পরে দুই সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলন করবেন। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে।