ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের গণসংযোগ শুরু
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ২য় দিনে প্যানেলের প্রার্থীরা শহরের বেস্ট ইন হোটেল থেকে গণসংযোগ শুরু করেন এবং এসএসকে সড়কের ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা গতকাল রবিবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রচারণার দ্বিতীয় দিনে বিকেল ৪টায় শহরের বেস্ট ইন হোটেলের সামনে থেকে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু হয়। এরপর প্রার্থীরা এসএসকে সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগ শেষে মহিপাল ফলের আড়ত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল। সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, আমান উদ্দিন কায়সার সাব্বির, সাঈদুর রহমান জুয়েল, মো. মাঈন উদ্দিন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, মো. নুরুল আবছার মজুমদার, আব্দুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরী। এবারের নির্বাচনে ২২টি পরিচালক পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব পদে একক প্রার্থীরা রয়েছেন।