কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফিরে পাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে অবরুদ্ধ ইরানের ৬ বিলিয়ন মার্কিন ডলার দেশে ফিরে আসবে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে অবরুদ্ধ থাকা ইরানের ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ তেহরানের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আজ রোববার (২১ জুন ২০২৬) তিনি এই তথ্য জানান।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার সাথে সাথেই কাতারে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হবে এবং তা দেশে ফেরত আসবে।
তবে এই সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচির বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না। পারমাণবিক অস্ত্র তৈরি বা উন্নয়নের কোনো উদ্দেশ্য ইরানের নেই বলেও জোর দেন তিনি।
মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে গত বুধবার (১৭ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি আলোচনার জন্য আজ ভোরেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল সেখানে পৌঁছায়।
পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।