সব সংবাদ
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে মার্কিন-ইরান ঐতিহাসিক বৈঠক শুরু

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের মধ্যবর্তী অঞ্চল বার্গেনস্টকে আজ ঐতিহাসিক মার্কিন-ইরান আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকটি 'লেক লুসার্ন সম্মেলন' নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার উপস্থিত রয়েছেন। ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ প্রতিনিধ দল উপস্থিত রয়েছেন।

প্রায় এক সপ্তাহ আগে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আজকের বৈঠক প্রযুক্তিগত আলোচনার প্রথম ধাপ। আলোচনার প্রধান বিষয়গুলো হলো: ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ ও তদারকি ব্যবস্থা জোরদার করা, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ উন্মুক্ত করা, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা এবং লেবাননে যুদ্ধবিরতি ও ইসরায়েলের সাথে সংঘাত স্থায়ীভাবে সমাধান করা।

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রণালী দিয়ে জ্বালানি তেলের চলাচল স্বাভাবিক রয়েছে এবং ইরানের এই দাবি সঠিক নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ৬০ দিনের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র নিজেরাই এই প্রণালীতে টোল আরোপ করতে পারে।