কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
মালয়েশিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এটি তাঁর প্রথম মালয়েশিয়া সফর।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় পৌঁছেছেন। গত ২১ জুন ২০২৬ তারিখে কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করেন। ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্ম মন্ত্রী জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাই কমিশনার মিস সাহানারা মনিকা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে গার্ড অব অনার দেওয়া হয় এবং দুইদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং অন্যান্য উপদেষ্টা ও কর্মকর্তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামীকাল সোমবার সকালে পুত্রাজায়ায় তাঁর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানাবেন। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পরে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। এই সফরে পর্টন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।