কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন।
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ছয়জন নিহত হয়েছেন।
কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।