রামগঞ্জে মেহেদী হত্যা: শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকাণ্ডের বিচার দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন। ঘটনার ছয় দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় আন্দোলনকারীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক মানুষ রামগঞ্জ পৌর শহরের চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে জানান, মামলার আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি সাময়িক স্থগিত করেন। উল্লেখ্য, গত ১৬ জুন ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়। মেহেদী হাসানকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।