ভাইরাল ভিডিওতে মাদক সেবন: বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তদন্ত শেষে তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। উপজেলা বিএনপি তখনই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
শনিবার রাতে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে এসএম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তার ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।
সাইদুল ইসলাম দাবি করেছেন, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাটি পরিকল্পিত এবং তদন্তে তার পক্ষে বেশির ভাগ মানুষ কথা বলেছেন।