রাঙ্গুনিয়ায় যুবদল নেতা খুন: প্রধান সন্ত্রাসী রাঙামাটি থেকে গ্রেফতার
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যার প্রধান আসামি মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। গত ১৩ জুন রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে এই যুবদল নেতাকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যাব-৭ এর সদস্যরা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে মো. আইয়ুব (৪৫) নামে একজন আসামিকে গ্রেফতার করেছে। সে রাউজানের কদলপুর ইউনিয়নের বাসিন্দা এবং যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাস্টার মাইন্ড বলে জানা গেছে। রোববার ভোররাতে বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে যে, আইয়ুব রাঙামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাসায় লুকিয়ে আছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ছিলেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বেতাগী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে। এ হত্যা মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।