সব সংবাদ
আন্তর্জাতিক

উজ্জয়িনীতে চোরের দলের হাতে উপজাতি নারী দলবদ্ধ ধর্ষিত, সন্তানের সামনে নৃশংস ঘটনা

মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় একটি উইন্ডমিল প্রকল্পে চুরি করতে আসা দুষ্কৃতীরা একজন ৩০ বছর বয়সী উপজাতি নারীকে তাঁর ১২ বছরের ছেলের সামনে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করেছে। গত ১৮ জুন মধ্যরাতে বদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ১৮ জুন রাত প্রায় ১২টার সময় পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী বদনগর এলাকায় একটি উইন্ডমিল (পাবনবিদ্যুৎ কেন্দ্র) প্রকল্পে চুরি করতে যায়। সেখানে পাহারার কাজে থাকা একটি উপজাতি পরিবারের ওপর তারা হামলা চালায়। পরিবারটি এক সপ্তাহ আগে ধার জেলা থেকে কাজের সন্ধানে এসেছিল এবং খামার চত্বরে একটি কুঁড়েঘরে বসবাস করত। দুষ্কৃতীরা প্রথমে ঘুমন্ত পরিবারটিকে জাগিয়ে তোলে এবং নারীর স্বামীকে মারধর করে কুঁড়েঘরের বাইরে নিয়ে অস্ত্রের মুখে আটকে রাখে। এরপর তারা ওই নারী এবং তাঁর ১২ বছরের ছেলেকে টেনে হিঁচড়ে কাছের একটি ঝোপের আড়ালে নিয়ে যায়। সেখানে প্রথমে একজন বন্দুকের ভয় দেখিয়ে ছেলের সামনেই মাকে ধর্ষণ করে এবং পরে আরও ২-৩ জন সহযোগী মিলে ওই নারীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পুরো সময় ছেলেটিকে অস্ত্রের মুখে চুপ থাকার জন্য হুমকি দেওয়া হয়। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পর, আতঙ্কিত পরিবারটি বদনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেছে। উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা দায়ের করা হয়েছে এবং ওই নারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক বিশেষ টিম গঠন করা হয়েছে এবং এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।