রাউজানে যুবদল নেতা হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোঃ আইয়ুবকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। তাকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি এলাকায় তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর থেকেই আইয়ুব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। রবিবার (২১ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় আইয়ুবের ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অভিযান চালায় এবং তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। জানা যায়, যুবদল নেতা মাকসুদ হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আইয়ুবের নাম এসেছিল। ঘটনার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল। উল্লেখ্য, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মাকসুদুল হক চৌধুরী। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।