সব সংবাদ
জাতীয়

রাঙামাটিতে বিশেষ অভিযান: আওয়ামী লীগ নেতাসহ ৯ জন গ্রেফতার, ২২ মামলার পলাতক মাদক সম্রাট সজল দাশ ধরা

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২২ মামলার পলাতক আসামি মাদক সম্রাট সজল দাশকে আটক করা হয়। অভিযানে মোট ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ রবিবার (২১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)। এছাড়া সোহেল, সজল দাশ, অনিক, মিরাজ, আজিজুল ইসলাম নাহিদ, আলভী জাবরান তানহা ও মজিদ নামে আরও সাতজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সজল দাশ কোতয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলাসহ মোট ২২টি মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে অনিক নামে আরেক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে রাঙামাটি কোতয়ালী থানার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।