সব সংবাদ
অর্থনীতি

বেক্সিমকোর শেয়ার দর দুই সপ্তাহে ৬১% কমেছে, ক্রেতা সংকট

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার দুই সপ্তাহের মধ্যে বেক্সিমকোর শেয়ার দর প্রায় ৬১ শতাংশ কমেছে। গত ৯ জুন ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর থেকে ১১ দিনে বেশির ভাগ দিনই ক্রেতা শূন্য ছিল শেয়ারটির। রোববার সর্বশেষ লেনদেন হয় ৪২ টাকা ৯০ পয়সায়, যা আগের দিনের চেয়ে ৪ টাকা ৭০ পয়সা কম।

গত ৯ জুন ফ্লোর প্রাইস (বেঁধে দেওয়া সর্বনিম্ন লেনদেন দর) তুলে নেওয়ার পর থেকে বেক্সিমকোর শেয়ার দর কমতে থাকে। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অর্থাৎ ১০ শতাংশ বা তার কাছাকাছি হারে দর হারাতে থাকে কোম্পানিটি। এই সময়ে বাজারে ১১ দিন খোলা ছিল। এর বেশির ভাগ দিনই ক্রেতা শূন্য ছিল শেয়ারটির। রোববার মূল বাজারের সঙ্গে ব্লক মার্কেটে বেক্সিমকোর কিছু শেয়ার হাতবদল হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষ তালিকায় এটি দ্বিতীয় হয়। আগের দিনের চেয়ে রোববার ৪ টাকা ৭০ পয়সা কমে সবশেষ লেনদেন হয়েছে ৪২ টাকা ৯০ পয়সায়। আগের দিন এ দর ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। টানা কয়েকদিন ক্রেতা শূন্য থাকার পর মূলবাজারে রোববার ৩২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। অন্যদিকে ব্লক মার্কেটে শেয়ারটির লেনদেন হয় ৩ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকার। এ বাজারে কোম্পানির ৮ লাখ ৩৮ হাজার ৮৭৫টি শেয়ার হাতবদল হয় ৪২ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৩ টাকায়। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ২১ দশমিক ৪৮ পয়েন্ট হারিয়ে সূচক দাঁড়ায় ৫ হাজার ৬৩৯ দশমিক ৮৯ পয়েন্ট। মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়, যার মধ্যে দর বৃদ্ধি পায় ৭১টির, কমে ২৯৮টির ও আগের দরে লেনদেন হয় ২৭টির।