সব সংবাদ
খেলা

বিশ্বকাপের মাঠে মাঠে ছুটছেন ইনফান্তিনো, ঘণ্টায় ঘণ্টায় দেশ বদল

৪৮ দলের বিশ্বকাপে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে বসে দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিন দেশে ছড়িয়ে থাকা মাঠগুলোর মধ্যে দূরত্ব প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার হওয়ায় তাঁকে প্রায় প্রতিদিনই বিমানে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে হচ্ছে। এই যাত্রায় বিপুল কার্বন নিঃসরণের আশঙ্কায় ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দূষণ সৃষ্টিকারী টুর্নামেন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৬ ফিফা বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮টি দলের এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ হবে। প্রতিদিন চারটি করে ম্যাচ খেলা হচ্ছে, যার ফলে দর্শকদের পক্ষে সব ম্যাচ দেখা কঠিন হয়ে পড়ছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রতিটি ম্যাচই গ্যালারিতে বসে সরাসরি দেখছেন।

১৯ জুন বিকেলে কানাডার ভ্যাঙ্কুভারে কানাডা-কাতার ম্যাচ দেখেন ইনফান্তিনো। এরপর সন্ধ্যায় মেক্সিকোর গুয়াদালাহারায় পৌঁছে যান মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এই দুই ম্যাচ দেখতে তাঁকে প্রায় চার হাজার ৪২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। ২০ জুনও একই চিত্র দেখা গেছে। ফিলাডেলফিয়ায় ব্রাজিল-হাইতি ম্যাচ দেখার আগে বোস্টনে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচেও উপস্থিত ছিলেন তিনি।

কাতার এয়ারওয়েজ ফিফার সঙ্গে চুক্তি করে বিশেষ বিমান সুবিধা দিয়েছে ইনফান্তিনোর যাতায়াতের জন্য। আগের কাতার বিশ্বকাপে প্রতিটি মাঠ ছিল ৭৫ কিলোমিটারের মধ্যে, কিন্তু এবার এক মাঠ থেকে আরেক মাঠের দূরত্ব সর্বোচ্চ প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার।

পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, শুধু দলগুলোর যাতায়াতে প্রায় ৯০ লাখ টন কার্বন নিঃসরণ হবে। ফিফা সভাপতির এই ঘন ঘন বিমান ভ্রমণ আরও বেশি দূষণ বাড়াবে এবং ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দূষণ সৃষ্টিকারী টুর্নামেন্ট হয়ে থাকবে।