সব সংবাদ
স্বাস্থ্য

চিনি খেলে ক্যানসার হয়? চিকিৎসকের স্পষ্ট উত্তর

চিনি সরাসরি ক্যানসার সৃষ্টি করে না। তবে অতিরিক্ত চিনি স্থূলতা ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, সমস্যা চিনিতে নয়, অতিরিক্ত খাওয়ায়।

চিনি খেলে ক্যানসার হয়— এই ধারণা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন ভারতীয় অনকোলজিস্ট ডা. বর্তিকা বিশ্বানি। তিনি বলেন, চিনি সরাসরি ক্যানসার সৃষ্টি করে— এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। শরীরের প্রতিটি সক্রিয় কোষ— মস্তিষ্ক, কিডনি, অন্ত্র সবাই শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করে। ক্যানসার কোষও গ্লুকোজ ব্যবহার করে বলে এর মানে এই নয় যে, চিনি খেলেই ক্যানসার হবে। তবে অতিরিক্ত চিনি খাওয়া স্থূলতা সৃষ্টি করে, যা স্তন, কোলন, পাকস্থলী ও অগ্ন্যাশয় ক্যানসারের বড় ঝুঁকি। রক্তে উচ্চ শর্করার মাত্রাও ক্যানসার কোষের বিস্তারে সহায়তা করতে পারে। অনেকে মনে করেন, চিনি বাদ দিলে ক্যানসার কোষ অনাহারে মারা যাবে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানীরা এই ধারণাও খণ্ডন করেছেন। গ্লুকোজের অভাব হলে ক্যানসার কোষ প্রোটিন ও ফ্যাট থেকে বিকল্প শক্তি সংগ্রহ করে বেঁচে থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী, নারীর দৈনিক ২৫ গ্রাম এবং পুরুষের দৈনিক ৩৬ গ্রামের বেশি যোগ করা শর্করা গ্রহণ করা উচিত নয়। ডা. বিশ্বানি বলেন, সমস্যা চিনি নয়, সমস্যা হলো অতিরিক্ত খাওয়া। বেশি চিনি, স্থূলতা ও মেটাবলিক রোগ ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে শুধু এই কারণে ফল, শস্য বা ঘরের স্বাভাবিক খাবার বাদ দেওয়া ঠিক নয়। অল্প মিষ্টি খাওয়া সমস্যা নয়, বরং অস্বাস্থ্যকর জীবনযাপনই আসল ঝুঁকি। ক্যানসারের ঝুঁকি কোনো একক খাবার থেকে নয়, বরং দীর্ঘমেয়াদি জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।