সব সংবাদ
অর্থনীতি

ব্যাংক নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক অর্থায়নের দিকে এগোচ্ছে সরকার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। সরকার ১০ থেকে ১৩ শতাংশ সুদে ব্যাংক ঋণ নেওয়া কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে যাচ্ছে। চলতি বাজেটে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ সার্ভিসিংয়ে ব্যয় হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে এগোচ্ছে। রোববার (২১ জুন ২০২৬) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে বাজেট পর্যালোচনা নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বলেন, সরকার ১০ থেকে ১৩ শতাংশ সুদে ব্যাংক থেকে টাকা নিলে বেসরকারি খাতের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক ও বিকল্প অর্থায়নের দিকে নজর দেওয়া হচ্ছে। বাজেট প্রণয়ন ও বকেয়া চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, মাত্র দেড় মাসের প্রস্তুতিতে এই বাজেট প্রণয়ন করতে হয়েছে, যা সাধারণত ছয় মাসের একটি দীর্ঘ প্রক্রিয়া। পূর্ববর্তী সরকারের কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকার বিদ্যুৎ বিলসহ অনেক বকেয়া বিল উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। চলতি বাজেটে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ সার্ভিসিংয়ে ব্যয় করতে হবে, যার ফলে সরকারের খরচের জায়গা সংকুচিত হয়ে আসছে। সংলাপে আরও বক্তব্য রাখেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, র্যাপিডের চেয়ারম্যান এমএ রাজ্জাক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ।