তৃণমূলের ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ব্লক, বিদ্রোহী বিধায়কদের অভিযোগে তদন্ত শুরু
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস আর্থিক সংকটে পড়েছে। দলের প্রায় ৪৪০ কোটি টাকা জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিদ্রোহী বিধায়কদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তৃণমূলের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে। একদিকে সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায় — এই দুই শিবিরের মধ্যে আর্থিক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই চলছে। এই সংঘাতের জের ধরে ঋতব্রত বন্দোপাধ্যায়ের অনুগামী ১০ জন বিধায়ক বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে থাকা বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে বিস্তারিত তদন্ত দাবি করেন। অভিযোগে তারা অবৈধ অর্থ আদায়, কাট-মানি বা সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আনেন। পুলিশ তদন্ত করে একটি বেসরকারি ব্যাংকে থাকা তিনটি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ আরোপ করে। এর ফলে এই অ্যাকাউন্টগুলোতে নতুন করে টাকা জমা দেওয়া গেলেও, সেখান থেকে কোনো টাকা তোলা বা স্থানান্তর করা যাচ্ছে না। এর আগে অরূপ বিশ্বাস দলের প্রায় ৫০০ কোটি টাকার সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। তবে দলের অনুগত নেতা কুনাল ঘোষ জানান, গত ৫ জুনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে শুভাশিষ চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আর্থিক অচলাবস্থা দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।