সব সংবাদ
খেলা

ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে, শেষ ষোলোতে মুখোমুখি হবে দুই দল

বিশ্বকাপে শেষ ষোলোতে পৌঁছে গেছে ব্রাজিল। তাদের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে নিশ্চিত করে নকআউট পর্বে নিজের জায়গা। আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু তখনও তাদের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। রাউন্ড অব ৩২-এর অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল শেষ ষোলোতে কার মুখোমুখি হতে হবে। অবশেষে এক দিন পর সেই অপেক্ষার অবসান ঘটে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হয়েছিল নরওয়ে। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় নরওয়ে। এই জয়ে আর্লিং হালান্ডরা নিশ্চিত করে শেষ ষোলোতে নিজেদের জায়গা, আর ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষও নির্ধারণ হয়ে যায়। এখন নকআউট পর্বে শুরু হচ্ছে আরও বড় এক লড়াই। একদিকে অভিজ্ঞতা ও ঐতিহ্যে ভরপুর ব্রাজিল, অন্যদিকে লড়াকু মানসিকতার নরওয়ে। যাদের সামনে এবার ইতিহাস বদলে দেওয়ার সুযোগ। আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে। প্রতিপক্ষ নিশ্চিতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল পোস্ট করেছে, 'প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের শেষ ষোলোতে জাতীয় দলের পরবর্তী প্রতিপক্ষ এখন নরওয়ে। রোববার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন!' প্রসঙ্গত, শেষ ষোলোর বাধা টপকাতে পারলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে ১১ জুলাই বুধবার। যেখানে প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড কিংবা ডিআর কঙ্গো।