সরকার ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক ও বিকল্প অর্থায়নের পথে এগোচ্ছে। ১০ থেকে ১৩ শতাংশ উচ্চ সুদে ব্যাংক ঋণ নেওয়ায় বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে। ২১ জুন রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১০ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সরকার ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, মাত্র দেড় মাসের প্রস্তুতিতে এই বাজেট প্রণয়ন করতে হয়েছে, যা সাধারণত ছয় মাসের প্রক্রিয়া। পূর্ববর্তী সরকারের কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকার বিদ্যুৎ বিলসহ অনেক বকেয়া উত্তরাধিকারসূত্রে পাওয়া গেছে। এই বাজেটের প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হবে, যার ফলে সরকারের খরচের জায়গা সংকুচিত হয়ে আসছে। শিক্ষা খাতে জিডিপি অনুপাতে ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এছাড়া প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দেওয়া হচ্ছে।