বিসিবির নতুন কমিটিতে ক্রিকেটে গতিশীলতা আসবে: সংসদে যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বিসিবির বর্তমান কমিটির নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে দলের ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। আবুল কালাম তার প্রশ্নে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ব্যাটিং ব্যর্থতা বারবার পরিলক্ষিত হয় এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য নির্ভর করে দলগত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পারফরম্যান্সের ওপর এবং এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তিনি আরও বলেন, বিসিবি বর্তমানে বয়সভিত্তিক দলগুলো থেকে শুরু করে হাই-পারফরমেন্স, বাংলাদেশ 'এ' দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে ব্যাটসম্যানদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এদিন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় ফুটবল দল বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ১৮১তম স্থানে অবস্থান করছে, যা ২০২৩ সালের ১৯২ থেকে উন্নীত হয়েছে। সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও নতুন প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা কমেছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিত উদ্যোগ নিচ্ছে।