সব সংবাদ
খেলা

হালান্ডের নাটকীয় গোলে নরওয়ের শেষ ষোলোতে উত্তর

আর্লিং হালান্ডের শেষ মিনিটের গোলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছেছে নরওয়ে। এই জয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল।

বিশ্বকাপে ২৮ বছর পর ফিরেই চমক দেখাচ্ছে নরওয়ে। রাউন্ড অব থার্টি টুয়ের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিল ইউরোপিয়ান দলটি।

ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে ছিলেন হালান্ড। তৃতীয় মিনিটে তার হেড প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধায় জালে যায়নি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ নষ্ট হয়, যখন আইভরি কোস্টের এক রক্ষণভাগের খেলোয়াড় গোললাইন থেকে বল ফিরিয়ে দেন। এর আগে হালান্ডের শক্তিশালী হেডও প্রতিপক্ষ গোলরক্ষক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন।

তবে হালান্ড গোল না পেলেও প্রথমার্ধে এগিয়ে যায় নরওয়ে। ৩৯তম মিনিটে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে কোণাকুনি শটে জাল খুঁজে নেন আন্তোনিও নুসা। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।

বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় আইভরি কোস্ট। ৭৪তম মিনিটে দলকে সমতায় আনেন আমাদ দিয়ালো।

ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে এমনটা ভাবছিলেন অনেকেই। কিন্তু ৮৬তম মিনিটে নরওয়ের তারকা স্ট্রাইকার হালান্ড শেষ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে নেন। ২-১ গোলের লিডে থেকেই নির্ধারিত সময় শেষ করে নরওয়ে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছায়।

পরের রাউন্ডে নরওয়ের প্রতিপক্ষ হবে ব্রাজিল।