ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬ বছরে পদার্পণ
আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালে মাত্র ৮৭৭ শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় আজ তার ১০৬তম প্রতিষ্ঠাবার্পণ উদযাপন করছে। ১৯২১ সালের ১ জুলাই নবাব সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী ও শেরেবাংলার প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে এতে মাত্র তিনটি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী ছিল। বর্তমানে ১৩টি অনুষদ, ১২টি ইনস্টিটিউট, ৫৬টির বেশি গবেষণাকেন্দ্র এবং ৮৪টি বিভাগে ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীয় স্থান অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬-এ গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ২০ বছর মেয়াদি 'ঢাকা ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান (২০২৬-২০৪৬)' প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন, নৈতিক নেতৃত্ব, গবেষণা উৎকর্ষ, শিক্ষা আধুনিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আজ 'গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়' প্রতিপাদ্যে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের স্মরণ করার কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।