ফরিদপুরে হাইওয়েতে দুই গ্রামের তুমুল সংঘর্ষ, নিহত ১
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দুই গ্রামের যুবকদের মধ্যে তুমুল সংঘর্ষে এক যুবক নিহত ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পাঁচ গ্রামের মানুষ যোগ দেয়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সন্ধ্যায় দুই গ্রামের যুবকদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়, যেখানে টর্স লাইট ব্যবহার করা হয়। সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক নিহত ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নিহত সুমন শেখ (২০) ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবরে রাত সাড়ে নয়টার সময় পুরো বাসস্ট্যান্ড এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাবাসী সড়কের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে তিন ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন পুলিশ আহত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ৪-৫ মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের এক যুবককে হাসামদিয়া গ্রামের কয়েকজন যুবক মারধর করে। এরপর বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার দিকে ফের তাদের মধ্যে কথাকাটাকাটি হয়, যে কারণে এই সংঘর্ষ শুরু হয়।