সব সংবাদ
জাতীয়

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু

ঢাকায় এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরার সংখ্যা বেড়ে ১৯টি হয়েছে। মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক কার্যালয়ে এই ক্যামেরার উদ্বোধন করা হয়। এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এখন রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু করেছে। আগে ১৫টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে তেজগাঁও ট্রাফিকের ডিসি কার্যালয়ে লেক রোডে নতুন চারটি এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, এআই ক্যামেরা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকে এসএমএস পাঠানো হয় এবং বিষয়টি ডিএমপির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। গাড়ি বিক্রি হলেও মালিকানা পরিবর্তন না করায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে কমিশনার জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের প্রশ্নে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি এ বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমানসহ ডিএমপি ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।