পরশুরামে প্রায় ৩ হাজার কৃষক পেল বিনামূল্যে কৃষি উপকরণ
পরশুরাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই প্রণোদনায় প্রায় ২,৭৭৫ জন কৃষক উপকৃত হবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন, প্রকৌশলী, মৎস্য অফিসার, পল্লী উন্নয়ন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার ও বীজ পাবেন আমন চাষীরা। ১,৩০০ জন আমন চাষী প্রত্যেকে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
নারিকেল চাষীদের জন্য ৬৬০ জনকে প্রত্যেকে ৫টি করে উন্নত জাতের নারিকেল চারা, ১৫০ কেজি গোবর সার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি দেওয়া হবে।
ফল ও বৃক্ষ রোপণকারী ৩৩০ জন কৃষক প্রত্যেকে ৫টি করে বিভিন্ন প্রকার ফলের চারা, কাঠের চারা, ঔষধি ও লেবুর চারা, ১৫০ কেজি গোবর সার এবং বাঁশের খুঁটি পাবেন।
সবজি চাষীদের মধ্যে ৪১০ জন প্রত্যেকে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন সবজি বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার পাবেন।
মরিচ চাষী ৭৫ জন প্রত্যেকে ৭৫ গ্রাম উন্নত জাতের মরিচ বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক পাবেন।