সোনাগাজীতে ৩০০+ কৃষক পেলেন আমন ধানের বীজ
ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলা কৃষক দলের প্রধান কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দল নেতা নুর করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা শেখ নুরুল আনোয়ার, আহমদ করিম তোতামিয়া, জাহাঙ্গীর আলম, নুর নবী, গোলাম রসুল ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার কৃষকবান্ধব সরকার। এই বছর সারাদেশে ৪২ লাখ কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। কৃষকদের প্রণোদনা সহ নানান সহায়তা ও উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা এবং কৃষককে কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেতে যা করণীয় তা করা হবে।