সব সংবাদ
ফেনী

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর তার সমর্থকরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুটি ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। সড়ক আটকে দেওয়ার কারণে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের চূড়ান্ত রায় দেন। এই খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ নেতা-কর্মীরা সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এরই মধ্যে মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড যুক্ত করে তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে ওই আসনে পুনর্র্নিবাচন হলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা থাকবে না। বিএনপির কয়েকজন নেতা জানান, আসলাম চৌধুরী দলের দূর্দিনের ত্যাগী নেতা। জনগনের ভোটে তিনি সীতাকুণ্ডে এমপি নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এ রায় আমরা মানিনা। অবিলম্বে উনার এমপি পদ ফিরিয়ে দিতে হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মহাসড়কের ছোটদারোগাহাট এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সড়কে ফেলা গাছ সরানো হচ্ছে। আশা করছি যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।