সব সংবাদ
ফেনী

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহমেদের ইন্তেকাল

ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হাফেজ আহমেদ (৭৭) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে ফেনী শহরের রামপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হাফেজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে শহরের মিজান ময়দানে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ বাসভবনের সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ফেনী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি ও ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও মরহুমের ছেলে অ্যাডভোকেট খালেদ মোহাম্মদ আরিফ। বক্তারা বলেন, অ্যাডভোকেট হাফেজ আহমেদ ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের সঙ্গেও তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। আইনজীবী ও রাজনীতিক হিসেবে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। গণমাধ্যমকর্মীদের প্রতিও তিনি ছিলেন আন্তরিক। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন। জানা যায়, ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা করে টানা প্রায় ছয় দশক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন অ্যাডভোকেট হাফেজ আহমেদ। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অ্যাডভোকেট হাফেজ আহমেদ ফেনী শহরের রামপুরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বজলের রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।