কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজে আগুন, ৬ জন দগ্ধ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার জাহাজে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এফভি দেশ নামের জাহাজটির ইঞ্জিন কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গুরুতর দগ্ধ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের একটি মাছ ধরার জাহাজে মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ইঞ্জিন কক্ষে হঠাৎ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে জাহাজটির প্রকৌশলীসহ ছয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন—প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়, আশিকুজ্জামান, রুবেল ও শাহ আলম গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। জাহাজের ক্যাপ্টেন জুবায়ের আহমেদ জানিয়েছেন, আগুন লাগার সময় গুরুতর দগ্ধ ওই তিন ক্রু সদস্য ইঞ্জিন কক্ষের ভেতরে ছিলেন। তাদের উদ্ধার করতে গিয়ে বাকিরা দগ্ধ হন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।