আশুগঞ্জে সৌদিপ্রবাসী সাইমের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৌদি আরব থেকে ফেরা প্রবাসী মো. সাইমের (২৪) মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ফাওজিয়া আক্তারসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সৌদিপ্রবাসী মো. সাইমের (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৃত সাইম খোলাপাড়া এলাকার মো. শাহজাহান আলমের ছেলে। আশুগঞ্জ থানার পরিদর্শক আবু হেনা মো. মোস্তফা রেজা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন স্ত্রী ফাওজিয়া আক্তার (২২), শ্বশুর আব্দুল আহাদ (৬৫), স্ত্রীর দুই বড় ভাই ইকরাম মিয়া (২৮) ও মো. সাদ্দাম হোসেন (৩৬) এবং জুনায়েদ মিয়া (২৬)। এর মধ্যে ইকরাম ও জুনায়েদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আব্দুল আহাদের মেয়ে ফাওজিয়া আক্তারের সঙ্গে সাইমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সাইম। গত ১৭ জুন যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন তার স্ত্রী। ২৪ জুন সাইমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করতে আসছে—এমন খবর পেয়ে পালানোর চেষ্টা করেন সাইম। এ সময় তার স্ত্রী ফাওজিয়া আক্তার ও শ্বশুরবাড়ির লোকজন তাকে ধাওয়া করে ফসলি জমির পাশের একটি ড্রেনে নিয়ে মারধর করেন। এতে তার ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।