সব সংবাদ
আন্তর্জাতিক

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন। গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের চার মাস পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। দুই দিনের এই সফরে কুয়ালা লামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও বিভিন্ন সহযোগিতা চুক্তি হবে।

রোববার দুপুর পৌনে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুনন জানান, এটি প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর এবং সফরসঙ্গী খুবই ছোট। শাহজালাল বিমানবন্দরে মন্ত্রী, সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার, চীনের রাষ্ট্রদূতসহ ঊধর্তন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেন বিএনপি প্রধান তারেক রহমান। এর চার মাস বাদে তিনি প্রথম বিদেশ সফরে গেলেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ২৩ জন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শনিবার ঢাকায় সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়ার কুয়ালা লামপুরে সফরে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। সফরের প্রথম দিন রোববার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক হবে।

এই সফরে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ এবং বাংলাদেশিদের কল্যাণের বিষয়ে অনুরোধ জানানো হবে। মালয়েশিয়া সফরে বাংলাদেশের আসিয়ানের 'ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-আরসেপে' যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

মালয়েশিয়ার দুইদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন। ২২ জুন দুপুরে কুয়ালা লামপুর থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা করবেন এবং সন্ধ্যায় পৌঁছাবেন। ২৬ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ওইদিন বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন।

মূল প্রতিবেদন (Reference): মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী — bdnews24